
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সুতাং নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। শক্তিশালী একটি সিন্ডিকেট উপজেলার আমু চা বাগানের রাস্তা সংলগ্ন কালামন্ডল (বটতলা) এলাকার সুতাং নদী থেকে দিনে-রাতে নির্বিঘ্নে বালু তুলে বিভিন্ন স্থানে পাচার করছে।
সরকারি ইজারা ছাড়াই প্রতিদিন নদীর একাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন করে ট্রাক্টরে করে উপজেলার বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
স্থানীয়রা জানান, কালামন্ডল (বটতলা) এলাকার ব্রীজ সংলগ্ন স্থান থেকে বালু উত্তোলনের কারণে ঝুঁকির মুখে পড়েছে সুতাং নদীর তীর এবং বটতলার ব্রিজটি। এই ব্রিজ দিয়েই আমু চা বাগান, আমু কাসপারা, চিমটিবিল বিজিবি ক্যাম্প, ঘনশ্যামপুর, সুন্দরপুর, হারাজুড়া, কালিশিরি, সাওতার লেন, পুলপার, কলাবাড়ীসহ অসংখ্য এলাকার মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকেন। বর্তমানে ব্রিজটি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, যদি দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হয়, তাহলে ভয়াবহ দুর্ঘটনা এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী পাতি নেতাদের মদদে আমু এলাকার তারা মিয়া, তার দুই ছেলে ফুল মিয়া ও জাবেদ মিয়া এবং নাতি হৃদয় মিয়া নিয়মিতভাবে এই বালু উত্তোলনে জড়িত। স্থানীয়রা প্রতিবাদ করলেও তারা কারো কথা মানে না বলে অভিযোগ উঠেছে।
বালু খেকোদের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply