
এস.এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত রুয়েল মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়মের দৌলতখা আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেল ৩টার দিকে রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরবর্তীতে উক্ত গাছের অংশ ব্যবহার করে রুয়েলের ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েলের বেড়া নির্মাণের কাজ শুরু করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি বেধে যায়। এ সময় রুয়েলের মা আবেদা খাতুন এবং ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগমও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
মারামারির একপর্যায়ে জসিম মিয়া একটি গাছের ঢাল দিয়ে বড় ভাই রুয়েল মিয়ার ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে রুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন তাঁকে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ওসমানীতে যাওয়ার আগেই বুধবার দিবাগত মধ্যরাতে সিলেটের নুরজাহান ক্লিনিকের মাজার গেট এলাকায় তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply