
স্টাফ রিপোর্টার : ভারতীয় সীমান্তরক্ষীদের হেফাজতে থাকা দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মারধর করেছে সে দেশের লোকজন। পরে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে সোমবার (২১ এপ্রিল) পাসপোর্ট আইনের মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)।
ভিডিওতে দেখা যায়, রোববার সকালে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই দুই ব্যক্তিকে গাড়িতে তোলার চেষ্টা করছেন। এ সময় কিছু উশৃঙ্খল লোক তাদের বেধড়ক মারতে থাকেন। পরে ওইদিনই সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবির হরিণখোলা সীমান্ত ফাঁড়িতে ফিরিয়ে আনা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন বলেন, তোফাজ্জল হোসেন ও জামাল মিয়া ভারতে অনুপ্রবেশ করে বিএসএফের হাতে আটক হন। পরে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে এনে থানায় দিয়েছে এবং পাসপোর্ট আইনের মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভারতে ওই দুই ব্যক্তিকে মারধরের ব্যাপারে তিনি বলেন, ‘মামলা দায়ের করে কারাগারে পাঠানোর পর তাদের মারধরের ভিডিওটি দেখেছি। এ ব্যাপারে বিজিবি কথা বলবে।’
হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্তক রয়েছে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply