1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:41 am

বাহুবলে এক ভিক্ষুক নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ

Reporter
  • Updated Tuesday, April 22, 2025
  • 199

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাঁও গ্রামে এক ভিক্ষুক নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে স্থানীয় কাওছার নামে এক যুবক বৃদ্ধা আলেমা খাতুনের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং কিছু মালামাল পাশের খালে ফেলে দেয়। ভাংচুরের পর থেকে তিনদিন ধরে ভিক্ষুক আলেমা ও তার ছেলে তাজুল ইসলাম অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয়রা জানান, আলেমা খাতুন একজন স্বামীহারা নারী। তার ছেলে তাজুল (১৩) স্থানীয় মিরপুর বাজারে দিনমজুরের কাজ করে। সংসার চালাতে আলেমা কখনো ইটভাটায় রান্নার কাজ, আবার কখনো বাজারে ব্যবসায়ীদের কাছে সাহায্য চেয়ে দিন পার করেন।
সম্প্রতি একটি চুরি হওয়া মোবাইল ফোন কিনে তাজুল অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে ভুল বোঝাবুঝিতে। মোবাইলের প্রকৃত মালিকের অভিযোগের ভিত্তিতে স্থানীয় মেম্বার ইদ্রিছ আলী ও সাংবাদিক এম সাজিদুর রহমানের মধ্যস্থতায় মোবাইলটি জমা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী কাওছার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বকে পুঁজি করে আলেমা ও তার ছেলেকে ঘরছাড়া করতে উঠে পড়ে লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাওছার এমনকি সাংবাদিকদের সঙ্গেও অশোভন আচরণ করে এবং পরে স্থানীয় মুরুব্বীদের উপস্থিতিতে ভাঙচুরের দায় স্বীকার করে নেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইদ্রিছ আলী, সাংবাদিক সাজিদুর রহমানসহ গ্রামবাসী।
ইউপি সদস্য ইদ্রিছ আলী জানান, “আমরা কাওছার ও তার মাকে বলেছি, আলেমার ঘর দ্রুত পুনর্নির্মাণ করে দিতে হবে। তারা সময় চেয়েছে, বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যে জানাবে। না জানালে এলাকাবাসীকে নিয়ে আমরা ব্যবস্থা নেবো।”
এদিকে, ভিটেবাড়ি দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তাদের মতে, আলেমার বিরুদ্ধে চুরি-ডাকাতির মতো অপবাদ ছড়িয়ে একটি সুবিধাভোগী চক্র তাকে উচ্ছেদ করতে চাচ্ছে। অথচ, এই ভিটে তিনি ও তার ছেলে উত্তরাধিকারসূত্রে মালিক।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমি ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। দুদিন সময় নিয়েছে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD