1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

নবীগঞ্জে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা :: ৩৪ জনের নামে মামলা

Reporter
  • Updated Monday, June 2, 2025
  • 177

জাবেদ তালুকদার : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে পশুরহাট বসানো এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় জনতার বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের গোলাপসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার (১ জুন) পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার পশুরহাটটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এবং এটি কোনো অনুমোদিত হাট নয়। দীর্ঘদিন ধরে একটি অবৈধ বাজার কমিটি হাটটি পরিচালনা করে আসছে। হাটটি বন্ধে জেলা প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা ও সতর্কতা জারি করা হলেও তা উপেক্ষা করে বাজারটি চালু রাখা হয়।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়, বিআরটিএ এবং জেলা প্রশাসনের যৌথ নির্দেশনায় হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা অনুসরণ করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও প্রচারণা চালানো হয়।
তবে, নির্দেশনা অমান্য করে বাজার পরিচালনা কমিটি বিভিন্ন পত্রিকায় প্রতিবাদলিপি প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট ও মন্তব্য ছড়ানো এবং হাট চালু রাখার ঘোষণা দিয়ে রাতভর মাইকিং করে।
৩১ মে জেলা প্রশাসনের নির্দেশে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৭০ জন পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্য নিয়ে সরেজমিনে জনতার বাজার পশুরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে হাট কমিটির সদস্য ও অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে সরকারি কাজে বাধা প্রদান করে। অভিযুক্তরা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে অপমানজনক আচরণ ও শারীরিক হামলা চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একজনকে মারধরের অভিযোগও রয়েছে। পরে পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেটগণ নিরাপদে স্থান ত্যাগ করেন। এরপরও পুরো দিন ধরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে গরু কেনাবেচা চলতে থাকে। এ সময় হাট পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা প্রশাসনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছনার মাধ্যমে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করে। এ ঘটনায় পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তার ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা তৎপর রয়েছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD