1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় বাহুবলের হামজা চৌধুরী

Reporter
  • Updated Tuesday, June 3, 2025
  • 206

জাবেদ তালুকদার : বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার দেশের মাটিতে খেলার উদ্দেশ্যে ঢাকায় পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। গতকাল সোমবার (২ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই প্রতিভাবান মিডফিল্ডার।
বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মাও। দেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলতে পারা হামজার জন্য যেমন গর্বের, তেমনি তাঁর পরিবারের জন্যও এক আবেগঘন মুহূর্ত।
হামজা চৌধুরীর পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। ইংল্যান্ডের লাফবোরো শহরে জন্ম হলেও তাঁর মা-বাবা বাংলাদেশের এবং তিনি নিজেও ছোটবেলায় নিয়মিত গ্রামে বেড়াতে এসেছেন। সিলেটি ভাষায় সাবলীল হামজা সবসময়ই নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন।
গত মার্চে ভারতের শিলংয়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের পর দেশে এসে স্নানঘাটে গেলে গ্রামজুড়ে উৎসবের আমেজ দেখা যায়। ফুল দিয়ে বরণ করে নেয় তাঁকে গ্রামের মানুষ। এবারে ঢাকায় দেশের মাটিতে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় বাহুবলের এই ফুটবল-তরুণ।
তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মাঠে নামবেন হামজা তা এখনো নিশ্চিত নয়। যদিও বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, দেশের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজাকে খেলিয়ে মাঠের অভিজ্ঞতা দিতে চান তিনি।
আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে, ৪ জুন একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হামজার সঙ্গে জাতীয় দলে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার- ফাহামিদুল ইসলাম ও শামিত সোম। এর মধ্যে ফাহামিদুল আগেই অনুশীলনে যোগ দিয়েছেন, আর শামিত সোমের ঢাকায় আসার কথা মঙ্গলবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD