1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:18 am

“এই শহর জলাবদ্ধতার শহর হিসেবে পরিচিতি লাভ করেছে”

Reporter
  • Updated Thursday, June 5, 2025
  • 212

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান সড়ক ও আবাসিক এলাকাগুলোতে সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যা পরিস্থিতি। বৃষ্টির পানি জমে ঘরবাড়িতে ঢুকে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, পুরাতন খোয়াই নদী, পুকুর, জলাশয় ও খাল দখল ও ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে হবিগঞ্জ শহর জলাবদ্ধতার শহর হিসেবে পরিচিত লাভ করেছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার (৪ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবেশবাদী সংগঠন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” ও “খোয়াই রিভার ওয়াটারকিপার” এর উদ্যোগে “জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদী, পুকুর ও জলাশয়ের গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
ধরা’র আহ্বায়ক তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ এবং বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খোয়াই রিভার ওয়াটারকিপার-এর প্রতিনিধি তোফাজ্জল সোহেল। তিনি বলেন, “২০১৪ সালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন খোয়াই নদী রক্ষায় কাজ শুরু হলেও তা থেমে যায়। ২০১৯ সালে এক কিলোমিটার এলাকাজুড়ে উচ্ছেদ কার্যক্রম হলেও তা আবারো দখলে চলে গেছে।” তিনি বাইপাস সংলগ্ন খালগুলোতে পুনঃখননের মাধ্যমে পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নদী-খাল-জলাশয় পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, “হবিগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর হলেও এখানে পরিকল্পিত উন্নয়ন হয়নি। রাস্তা সরু, জলাধার দখল হয়ে গেছে। এই শহরের জন্য একটি মাস্টার প্ল্যান প্রয়োজন।” তিনি জানান, ইতিমধ্যেই পুরাতন খোয়াই নদী থেকে অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু হয়েছে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে কাজ চলছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, “নগর ড্রেনেজ ব্যবস্থার অধিকাংশই বন্ধ বা অকার্যকর। পরিকল্পিত টেকসই ড্রেনেজ ব্যবস্থা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। পুরাতন খোয়াই নদী পুনঃখননের মাধ্যমে বাইপাস সংলগ্ন খালের সঙ্গে সংযোগ স্থাপন করলে পানি নিষ্কাশন সহজ হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, অধ্যাপক জাহান আরা খাতুন, ড. শেখ ফজলে এলাহী, অধ্যক্ষ মো. এনামুল হক, মোহাম্মদ আলী মমিন, সাংবাদিক সোয়েব চৌধুরী, এডভোকেট রুহুল হাসান শরীফ, মো. শামসুল হুদা, এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আব্দুল হালিম, নূরজাহান বিভা প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে হবিগঞ্জ শহর এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকটে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD