1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

লাখাইয়ে গরু চুরির ঘটনায় রাজনগর থেকে দুজন গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি
  • Updated Tuesday, June 24, 2025
  • 140

লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে ফ্রিজিয়ান জাতের দুটি মূল্যবান গরু চুরির ঘটনায় সদর থানা পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের জিল্লুর রহমান চৌধুরীর ছেলে শাকিল আহমেদ চৌধুরী (২২) এবং হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩২)।
পুলিশ জানায়, রবিবার (২২ জুন) রাতে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদের লাখাই থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, গত ১৩ জুন (শুক্রবার) জুমার নামাজের সময় পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা মৃত ভাসান মিয়ার ছেলে নাসির উদ্দিনের ফ্রিজিয়ান জাতের দুটি গরু বাড়ির পাশের মাঠ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় নাসির উদ্দিন লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চুরি হওয়া গরু পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত শাকিল চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। পাশাপাশি কামরাপুর, নতুন ব্রিজ, বেকিটেকা, কিবরিয়া ব্রিজ ও ইমামবাড়ী এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভুক্তভোগী নিজেই তাকে চিহ্নিত করেন।
ভুক্তভোগী নাসির উদ্দিন জানান, “আমি জুমার নামাজ পড়তে গিয়ে গরু দুটি মাঠে বেঁধে রেখে যাই। ফিরে এসে দেখি গরু নেই। পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে আমি চোরকে শনাক্ত করি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি ওই এলাকায় আরও কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। তারা ধারণা করছেন, এসব ঘটনার পেছনেও শাকিল চৌধুরীর সম্পৃক্ততা থাকতে পারে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে গতকাল ২৩ জুন (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লাখাই থানা কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD