1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:52 am

চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল’ উদযাপন

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট
  • Updated Tuesday, June 24, 2025
  • 91

চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং চুনারুঘাট উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত হলো “কাব কার্নিভাল ২০২৫”।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এই কার্নিভাল উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পদাধিকার বলে বাংলাদেশ স্কাউটস চুনারুঘাটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটি শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি গঠনে এক অনন্য আন্দোলন।” তিনি শিক্ষার্থীদের স্কাউটিংয়ে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, উপজেলা স্কাউটসের সম্পাদক ও শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, কমিশনার ও কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, প্রোগ্রাম পরিচালক ও কাব লিডার মোছা. লুৎফুন্নাহার তালুকদার ডেইজি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কার্নিভাল কর্মকর্তা ৮ জন ও স্টেশন মাস্টার ৬ জন।
সকালে কুচকাওয়াজ ও শারীরিক প্রশিক্ষণ প্রদর্শনের মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চলে সেশন চ্যালেঞ্জ, বিকেলে তাবু জলসা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে গান, কবিতা, নাটিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। তারা দলগত কাজের মাধ্যমে শৃঙ্খলা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়।
দিনশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
সমাপনী বক্তব্য ও অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।
‘কাব কার্নিভাল ২০২৫’ চুনারুঘাটে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও অভিভাবকদের জন্য এক প্রেরণাদায়ী, আনন্দঘন ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD