1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

হবিগঞ্জ সীমান্তে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

এস.এম সুলতান খান, চুনারুঘাট
  • Updated Wednesday, June 25, 2025
  • 101

সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে ৫৫ বিজিবি গত পাঁচ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, এসব অভিযানে মোট ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপি এবং চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার টাকার মোবাইল ফোনের ডিসপ্লে, বাইসাইকেল ও ভারতীয় গরু জব্দ করেন।
এছাড়াও চুনারুঘাট উপজেলার দুধপাতিল, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি এলাকায় বিজিবির নিয়মিত অভিযানে ৭ বোতল বিদেশি মদ, ২৫.৮ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল, ১৬ ক্যান বিয়ার, ১৩ বোতল ইস্কফ সিরাপ, চা-পাতা ও বাংলাদেশি মশার কয়েলসহ ২ লাখ ৯৫ হাজার ৭০০ টাকার চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
এদিকে, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি এলাকার অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মদ, ফুচকা, চিনি ও মশার কয়েল জব্দ করা হয়।
সব মিলিয়ে জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে মোট ৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১০০ টাকার দেশি-বিদেশি চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। দেশের মানুষকে মাদক ও চোরাচালানের ভয়াবহতা থেকে রক্ষাই আমাদের অঙ্গীকার।” তিনি আরও জানান, “সরাইল রিজিয়নের আওতায় শ্রীমঙ্গল সেক্টরের অন্তর্ভুক্ত ৫৫ বিজিবি নিয়মিতভাবে দুর্গম সীমান্ত এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পৃথক মামলাও দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD