
নবীগঞ্জ থেকে উদ্ধার করা একটি বিরল প্রজাতির কিং কোবরা সাপ অবমুক্ত করা হয়েছে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেন।
অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ (ওয়াইল্ডলাইফ) রেঞ্জের রেঞ্জার মাহমুদ আহমেদ এবং সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার মামুনুর রশিদ। সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সফিকুল ইসলাম জানান, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ৪ থেকে ৫ ফুট।
এর আগে সোমবার (২৩ জুন) নবীগঞ্জ উপজেলার রাজা মিয়া নামের এক ব্যক্তির বসতঘর থেকে কিং কোবরা সাপটি উদ্ধার করা হয়। বন বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেন ও বন প্রহরী রাজু সাপটি উদ্ধার করে সাতছড়িতে নিয়ে আসেন।
জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানসহ হবিগঞ্জের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বহু প্রজাতির সাপের বসবাস রয়েছে। কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ। এরা মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে। তাদের “ওফিওফ্যাগাস” নামের অর্থই হলো “সাপভুক”।
কিং কোবরা সাপ সাধারণত মানুষের প্রতি আক্রমণাত্মক নয়, তবে হুমকি অনুভব করলে তারা ঘাড়ের পাঁজর প্রসারিত করে ভয়ঙ্কর ফণা তৈরি করে, যা আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এদের বিষ নিউরোটক্সিন জাতীয়, যা স্নায়ুতন্ত্রে আঘাত হানে এবং তাৎক্ষণিক মৃত্যু ঘটাতে পারে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটি নিরাপদে অবমুক্ত করার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা হয়েছে। এ ধরনের সাপ না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য সাধারণ জনগণকে সচেতন করার আহ্বান জানান তারা।
পরিবেশবাদীরা মনে করছেন, এমন বিরল ও গুরুত্বপূর্ণ প্রজাতিগুলো রক্ষায় সরকারিভাবে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালু করা উচিত, যাতে করে মানুষ ভয় নয়, সচেতনতা দিয়ে এদের রক্ষা করে।
Designed by: Sylhet Host BD