
আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারা দেশের মতো সিলেটেও শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন মোট ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে হবিগঞ্জ জেলার শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার ৮৩৩ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডের মোট পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬ জন মেয়ে। বিষয়ভিত্তিক হিসাব অনুযায়ী, ১২ হাজার ৯৮০ জন বিজ্ঞান, ৪৭ হাজার ৭২৩ জন মানবিক এবং ৯ হাজার ২২৮ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা- সিলেট জেলায় ৩১ হাজার ১৬১ জন, সুনামগঞ্জে ১২ হাজার ৭২৮ জন, মৌলভীবাজারে ১৪ হাজার ২০৯ জন এবং হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৮৩৩ জন (ছেলে ৪ হাজার ৫৩৪ জন ও মেয়ে ৭ হাজার ২৯৯ জন)।
এ বছর বোর্ডের অধীনে ৩২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। তবে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১৩ হাজার কমেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, “নকলমুক্ত, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে আশাবাদী।”
ছাত্রসংখ্যা কমার বিষয়ে তিনি বলেন, “অনেক ছেলে এসএসসি পাস করেই বিদেশে চলে যাচ্ছে বা চাকরি শুরু করছে। কিন্তু মেয়েরা নিয়মিত পড়াশোনায় যুক্ত থাকায় পরীক্ষায় অংশগ্রহণের হার তাদের মধ্যে বেশি।”
Designed by: Sylhet Host BD