
টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোনো প্রকার টোল আদায় করা যাবে না- হাইকোর্টের এমন স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় চলছে প্রকাশ্যে টোল আদায়ের নামে চাঁদাবাজি। চলন্ত গাড়ি থামিয়ে জোরপূর্বক আদায় করা হচ্ছে টাকা। চালকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ইজারাদারের নিয়োগকৃত লোকদের দ্বারা হেনস্তার শিকার হতে হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের পুরান বাজার মোড়ে ট্রাক, কাভার্ড ভ্যান এমনকি যাত্রীবাহী টমটম থামিয়ে চাঁদা আদায় করছেন আপিল মিয়া নামে একজন। তিনি জানান, ইজারাদার ইয়াসিন খান তারেক তাকে নিয়োগ দিয়েছেন এবং প্রতিদিন তারেককে ২ হাজার টাকা করে দিতে হয়। এইভাবে তারেক সহযোগীদের মাধ্যমে মাসে কয়েক লাখ টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
এক টমটম চালক নুর উদ্দিন বলেন, “আমি সদর উপজেলার পইল থেকে যাত্রী নিয়ে চুনারুঘাটের মুরারবন্দ মাজারে যাচ্ছিলাম। পুরান বাজারে আপিল মিয়া আমাকে থামিয়ে ২০ টাকা টোল দাবি করেন। যাত্রী ওঠানামা না করায় আমি আপত্তি জানালে বাকবিতণ্ডা হয়। শেষে ১০ টাকা দিয়ে ছাড়া পাই।”
একইভাবে ট্রাকচালক ইসমাইল হোসেন জানান, “বানিয়াচং থেকে ধান নিয়ে আশুগঞ্জ যাচ্ছিলাম। শায়েস্তাগঞ্জে আসার পর আমাকে ১০০ টাকা টোল দিতে হয়েছে। এটি রীতিমতো চাঁদাবাজি।”
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ পৌরসভায় আবারো টোল আদায় শুরু হয়। বাংলা ১৪৩২ সনের জন্য পণ্য ওঠা-নামার টোল আদায়ের ইজারা নেন ইয়াসিন খান তারেক। কিন্তু হাইকোর্টের নির্দেশনা ও পৌরসভার ইজারার শর্ত ভঙ্গ করে তিনি সড়কে চলন্ত গাড়ি থামিয়ে নিজস্ব লোক দিয়ে জোরপূর্বক টাকা আদায় করছেন, যা সড়কে যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ইজারাদার ইয়াসিন খান তারেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
তবে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২২ সালের ২১ এপ্রিল হাইকোর্টে করা এক রিটের প্রেক্ষিতে আদালত নির্দেশনা দেন যে, টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল আদায় করা যাবে না। এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সব সিটি করপোরেশন ও পৌর মেয়রদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়। একই বছরের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এক পত্রে বিষয়টি প্রতিপালনের জন্য পুনরায় নির্দেশনা পাঠানো হয়।
তবু হাইকোর্টের নির্দেশনার প্রতি উপেক্ষা দেখিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এখনো চলন্ত যানবাহন থেকে টোল আদায় অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD