
মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে চিকিৎসাসেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। ১৯৯৬ সালে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট মরতুজ আলীর মৃত্যুর পর থেকে দীর্ঘ ৩০ বছরেও ফার্মাসিস্টের শূন্যপদে কেউ যোগদান করেননি।
এই কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, আয়া এবং এমএলএসএস পদগুলোও বছরের পর বছর ধরে শুন্য পড়ে রয়েছে। ফলে প্রতিদিন আসা ১৫০ থেকে ২০০ রোগীর চিকিৎসাসেবা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন এখানকার একমাত্র উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “প্রতিদিন প্রচুর রোগী আসেন। কিন্তু ডাক্তার থাকা সত্ত্বেও ফার্মাসিস্ট না থাকায় চিকিৎসা শেষে ওষুধ সরবরাহের জন্যও জাহিদুল ইসলামকে নিজেই ডিসপেনসারিতে যেতে হয়। এতে সময় নষ্ট হয় এবং সেবা ব্যাহত হয়।”
২০২১ সাল থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও আয়ার পদদ্বয়ও শুন্য রয়েছে। বর্তমানে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা শিখা রানী বনিক সপ্তাহে একদিন (মঙ্গলবার) ছাতিয়াইন কেন্দ্রে এসে দায়িত্ব পালন করেন। এতে কার্যক্রমে সমন্বয়হীনতা ও গতি ব্যাহত হচ্ছে।
২০১৯ সালে এই উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এমএলএসএস আব্দুল কাইয়ুম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ওই পদটিও শূন্য রয়েছে।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, “অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করছি। আবার সপ্তাহে একদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দায়িত্ব পালন করতে হয়। তবু চেষ্টা করি রোগীদের সর্বোচ্চ সাপোর্ট দিতে।”
এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস বলেন, “এসব বিষয়ে আমরা সচেতন আছি। শূন্যপদ পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিকুইজিশন পাঠানো হয়েছে।”
Designed by: Sylhet Host BD