1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:16 am

হবিগঞ্জে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপাোর্টার
  • Updated Sunday, June 29, 2025
  • 230

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বেড়ে গেছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতির স্বাভাবিক নিয়মে পরিবর্তনের বদলে এখন তা হয়ে উঠেছে অপ্রত্যাশিত ও বিধ্বংসী। এই পরিস্থিতিতে জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয় বরং জলবায়ু অর্থায়নের দাবি জানিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাইকেল শোভাযাত্রা ও পথসভা।
গতকাল শনিবার (২৮ জুন) বেলা ১১টায় শহরের রাজনগর বাডস কেজি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরপাড়ে পথসভায় পরিণত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, খোয়াই রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। সহায়তায় ছিল প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ এবং হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটি। এতে অর্ধশতাধিক পরিবেশ সচেতন সাইক্লিস্ট অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ধরা’ হবিগঞ্জের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি। প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ।
মুঠোফোনে সংহতি জানান ‘ধরা’ কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। মূল বক্তব্য দেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যকর্মী ওসমান গনি রুমি, প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়কারী সজিব চন্দ্র গোপ প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এখন অসময়ে বৃষ্টি-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের আধিক্য দেখা দিচ্ছে। নদী-নালা, বন-জঙ্গল, পাহাড়-টিলা ধ্বংস করে প্রকৃতির বিরুদ্ধে মানবসৃষ্ট আগ্রাসনের ফলেই এই পরিস্থিতির উদ্ভব। হবিগঞ্জে খোয়াই ও পুরাতন খোয়াই নদী দখল-দূষণের ফলে আজ অস্তিত্ব সংকটে।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, হবিগঞ্জে তথা সারা দেশে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হলে উন্নত বিশ্বকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এখন সময় জলবায়ু অর্থায়নের বাস্তব প্রতিশ্রুতি পূরণের।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD