
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সকালে দক্ষিণ গজনাইপুর ও জনতার বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ গজনাইপুর গ্রামের ইকবাল হোসেন, পিরোজপুর গ্রামের রোজেল মিয়া, দেওপাড়া গ্রামের কাইয়ুম মিয়া, রামলোহ গ্রামের সোহেল আহমেদ, মো. জুবেদ মিয়ার ছেলে আবির আহমেদ জয়, দেওপাড়ার পংকজ দত্ত, পানিউমদার আল আমিন এবং শতক গ্রামের সাদেক মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে জনতার বাজার পশুর হাটে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় ১ জুন নবীগঞ্জ থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
ওই মামলার এজাহারভুক্ত আসামি নজর উদ্দিনকে (৪০) গ্রেফতার করতে গত শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে নবীগঞ্জ থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালায়। অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হলেও, এ সময় গ্রামবাসীদের একটি অংশ মসজিদের মাইক ব্যবহার করে ‘ডাকাত এসেছে’ বলে প্রচার করে। মুহূর্তেই দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং নজর উদ্দিনকে ছিনিয়ে নেয়। হামলার সময় পুলিশের একটি ভ্যান ও দুইটি সিএনজি ভাঙচুর করা হয়। আহত হন পুলিশের তিন কনস্টেবল।
ঘটনার পরদিন এসআই শওকত আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা (নং-২১) দায়ের করেন, যেখানে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়।
এরপর রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ, বানিয়াচং সেনা ক্যাম্পের সদস্য এবং র্যাব-৯-এর যৌথ বাহিনী দক্ষিণ গজনাইপুর ও জনতার বাজারে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে এজাহারভুক্ত ইকবাল হোসেনসহ ৮ জনকে গ্রেফতার দেখানো হয় এবং বাকি ৫ জনকে নিরপরাধ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়।
বানিয়াচং সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ বলেন, “অভিযানে সেনাবাহিনীর একটি দল র্যাব ও পুলিশকে সহায়তা করেছে। আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে এজাহারভুক্তসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।”
Designed by: Sylhet Host BD