
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে ‘ডাক্তার’ সেজে রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান নামে এক ফিজিওথেরাপিস্টকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। অভিযানে সহযোগিতা করে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান পেশায় একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয়ে পরিচিত করিয়ে রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মেডিকেল অফিসার ডা. সানজিদ আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
Designed by: Sylhet Host BD