
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেটগামী ‘কালিনী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াপাড়া রেলস্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ মিয়া বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহত নারীর আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করে দেখেছে, তবে সেখান থেকেও কোনো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। এক পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মানবিক সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, বৃদ্ধাটি রেললাইন অতিক্রমের সময় ট্রেনের নিচে কাটা পড়েন। তবে তার পরিচয় জানার জন্য কেউ এখনও যোগাযোগ করেনি।
Designed by: Sylhet Host BD