
ঢাকার সাভার থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুস দাস (১০) কে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে বানিয়াচংয়ের মার্কুলি বাজারে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আয়ুস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আদুআই গ্রামের শৈলেষ দাসের পুত্র। বর্তমানে তার পরিবার সাভারের তালবাগ এলাকায় বসবাস করছে। সে সাভারের “ঢাকা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ”-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আয়ুসের মামা হরিভক্ত দাস জানান, শনিবার সকাল ১০টার দিকে আয়ুস বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করে। রাত দুইটার দিকে বানিয়াচংয়ের মার্কুলি নৌ ফাঁড়ি থেকে শিশুটিকে উদ্ধারের খবর আসে।
নৌ ফাঁড়ির ইনচার্জ জানান, বাজারের এক ব্যবসায়ী রাত ১১টার দিকে খবর দেন যে, একটি শিশু অজ্ঞান অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে আয়ুস তার নাম বলেই জ্ঞান হারায়। সৌভাগ্যক্রমে, বাজারের কয়েকজন তাকে চিনতে পারেন এবং পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ শিশুটিকে তার আত্মীয়ের জিম্মায় দেয়।
আয়ুস জানিয়েছে, সাভারে কে বা কারা তাকে চানাচুর খাইয়ে দেয়। এরপর তার মনে হয়, সে ৪টি গাড়ি পরিবর্তন করে কোথাও যাচ্ছে। একপর্যায়ে তাকে সিলেট-ঢাকা মহাসড়কের আউশকান্দি এলাকায় একটি বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তখন কয়েকটি সিএনজি তাকে নেয়ার জন্য এগিয়ে আসে। আয়ুস ‘মার্কুলি’ শব্দটি উচ্চারণ করলে, এক সিএনজি চালক তাকে বানিয়াচংয়ের মার্কুলি বাজারে নামিয়ে দেয়।
আয়ুসের দাদা নরোত্তম দাস জানান, বর্তমানে আয়ুস শারীরিকভাবে সুস্থ আছে। তবে ঘটনার পুরো বিষয়টি এখনো পরিষ্কার নয় এবং এ ঘটনায় উদ্বেগ রয়েছে পরিবারের মধ্যে।
মার্কুলি নৌ ফাঁড়ির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Designed by: Sylhet Host BD