
মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর গ্রামের বাসিন্দা মো. বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আজগর আলীর ছেলে মামুন মিয়া (২৮) নামে এক মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ পারলিয়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে কাউসার (৩০) ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহির মিয়া (২৪)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যাহ জানান, ধৃত বাবুল মিয়া ও জহির মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে। তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ আরও জানায়, পলাতক আসামি মামুন মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাদক কারবারিদের আস্তানা গড়ে উঠেছে। তারা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Designed by: Sylhet Host BD