
নবীগঞ্জ উপজেলায় ভালোবেসে বিয়ের মাত্র চার মাসের মাথায় আত্মহত্যা করেছে সেতু মিয়া (১৭) নামে এক কিশোর। গত ৩০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেতু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেতুর। বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দেয়। পরবর্তীতে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, সেতুর স্ত্রী আরিফা বেগম সবসময় টাকার জন্য চাপ দিতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি তিনি বাবার বাড়িতে চলে গেলে সেতুকেও সঙ্গে নিয়ে যান।
গত ২৭ জুলাই এক অজ্ঞাত সিএনজি চালক সেতুর মাকে ফোন করে জানান, বনগাঁও গ্রামের মতলিব মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে সেতু অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তিনি মারা যান।
এ বিষয়ে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের পক্ষ থেকে পারিবারিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Designed by: Sylhet Host BD