
সীমান্তবর্তী এলাকায় ৪৮ ঘণ্টার অভিযানে ১০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন। অভিযানকালে ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজা, ৩৯০ কেজি বাসমতি চাল, ফুসকা, গরু, বাই-সাইকেল ও বিপুল পরিমাণ মশার কয়েল জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় ১১টি পৃথক বিশেষ অভিযান চালিয়ে মোট ১০ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপি টহল দল ২০ বোতল ভারতীয় মদ ও ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে, যার মূল্য প্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকা।
চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, কয়েকটি গরু ও ৬০ প্যাকেট মশার কয়েলসহ ৫ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকার মালামাল জব্দ করা হয়।
শ্রীমঙ্গলের সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির অভিযানে ৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাল, ৯৯০ প্যাকেট মশার কয়েল ও একটি বাই-সাইকেল উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ৩ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠন। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত সব মাদকদ্রব্য ও পণ্য আইনি প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
চলতি আগস্ট মাসের শুরু থেকেই ৫৫ বিজিবি এ পর্যন্ত ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD