
হবিগঞ্জের বাহুবলে আকিজ বেভারেজ লিমিটেড কর্তৃক ফসলি জমি থেকে মাটি উত্তোলনের চেষ্টার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (৯ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
এ সময় মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা খুরশেদ আলম সুজন, এর আর শিমাল, সৈনিক (অবঃ) আলমগীর হোসেন, সবুজ মিয়া, হাজি শফিকুল ইসলাম মুহরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আকিজ কোম্পানি স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলনের চেষ্টা করছে। এ বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরও ওই সিন্ডিকেট হামলা ও মামলার হুমকি দিচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনভাবেই ফসলি জমি থেকে মাটি উত্তোলনের চেষ্টা সহ্য করা হবে না এবং প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করা হবে।
Designed by: Sylhet Host BD