
হবিগঞ্জ জেলায় সরকারি এলপি গ্যাস লিমিটেডের সাশ্রয়ী মূল্যের সিলিন্ডার বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভোক্তা পর্যায়ে ৮২৫ টাকা (১২.৫ কেজি) দামের এই সিলিন্ডার অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিবছর সরকার প্রায় ১৪ লাখ সিলিন্ডার বাজারে সরবরাহ করলেও জেলার বাজারে এর অস্তিত্ব নেই বললেই চলে।
অনুসন্ধানে জানা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিপরীতে একটি গোডাউনে দীর্ঘদিন ধরে সরকারি এলপিজি সিলিন্ডার থেকে নামি-দামি বেসরকারি সিলিন্ডারে গ্যাস ভরে (‘ক্রস ফিলিং’) বাজারজাত করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ দুর্নীতির মূল হোতা হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনের নাম উঠে এসেছে। যদিও তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন।
সূত্র জানিয়েছে, আব্দুল মতিন, তার ছোট ভাই এবং বিএম এলপিজি গ্যাসের এরিয়া ম্যানেজার আরিফুল হকসহ কয়েকজনের যোগসাজশে সরকারি এলপিজি গ্যাস অবৈধভাবে পাচার হচ্ছিল। সম্প্রতি সেনাবাহিনী মতিনের গোডাউনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় বিপিসির সরকারি সিলিন্ডারসহ ৬০০ সিলিন্ডার ও ক্রস ফিলিং সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা করিম হোসেন বলেন, গোডাউনের চারপাশে উঁচু বাউন্ডারি ও সিসি ক্যামেরা বসিয়ে মতিন দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে আসছিলেন। তার মতো অসাধু ব্যবসায়ীদের কারণে সরকারি মূল্যে এলপিজি ভোক্তা পর্যায়ে পৌঁছায় না।
চুনারুঘাটের এলপিজি ব্যবসায়ী রুবেল মিয়া অভিযোগ করেন, “তারা সিলিন্ডারের ভেতরে পানি ঢুকিয়ে ওজন বাড়িয়ে দোকানে সাপ্লাই দিচ্ছে। ক্রেতারা নকল গ্যাসের অভিযোগ করছেন।” হবিগঞ্জ শহরের ব্যবসায়ী ফারুক মিয়াও জানান, এই চক্রের কারণে দোকানিদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ক্রেতারা ভোগান্তিতে পড়ছে।
হবিগঞ্জ শহরের সরকারি এলপিজি গ্যাসের ডিলার ফরহাদ মিয়া জানান, আগে প্রতি মাসে তার কাছে ২৫-৩০টি সিলিন্ডার আসত, তবে বেশ কিছুদিন ধরে সরবরাহ বন্ধ। ক্রস ফিলিং প্রসঙ্গে তিনি বলেন, “যারা করে, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।”
ব্যবসায়ী নেতা সাকিব আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হয়ে এসব কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালাতে হবে।
শাহজিবাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন জানান, “বেশি লাভের আশায় সরকারি সিলিন্ডার থেকে বেসরকারি সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছিল। ২৮ জুলাই অভিযান চালিয়ে মতিনকে আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, জেলায় এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD