
গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজমিরীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১০ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখা ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে উপজেলা সদরের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য গভীর হুমকি। তারা অবিলম্বে হত্যাকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, একটি স্বাধীন দেশে গণমাধ্যমকর্মীরা জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেন, অথচ তাদের জীবন এখন নিরাপদ নয় যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখা ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে সাংবাদিকরা শপথ নেন- পেশাগত দায়িত্ব পালনে কোনো ভয়-ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার না করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার।
Designed by: Sylhet Host BD