
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও গ্রামে অবস্থিত দেওচড়া সেতুটি অবৈধ বালু উত্তোলনের কারণে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে অনুমোদনহীনভাবে সেতুর নিচে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে, যা সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসনের একাধিক অভিযানের পরও বালুখেকো চক্রের কর্মকাণ্ড থামছে না। স্থানীয়রা জানিয়েছেন, রহমত আলী, রহম আলী ও রুস্তম আলী নামে তিনজন এই অবৈধ বালু উত্তোলন চক্রের মূল হোতা। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
অবৈধ ড্রেজার চালানোর ফলে সেতুর নিচে গভীর গর্ত সৃষ্টি হয়েছে, সেতুর অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং প্রবল পানির স্রোতে সেতু কেঁপে উঠছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যেই সেতুর ওপরের অংশ দেবে যেতে শুরু করেছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।
স্থানীয়দের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ শ্রীবাড়ি সড়কের এই সেতুটি ভেঙে পড়লে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।
ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান জানান, তিনি বারবার নিষেধ করলেও বালু উত্তোলনকারীরা থামছে না। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD