
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে পৃথক ৭টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট ও দামী শাড়িসহ মোট ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল তল্লাশি চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে, যার সিজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া, চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ ও বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে, যার সিজার মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।
পাশাপাশি, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪ দশমিক ৫ কেজি গাঁজা ও ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল আটক করে, যার সিজার মূল্য ২৬ হাজার টাকা।
জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ৫৫ বিজিবি ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও পণ্য জব্দ করেছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে।”
Designed by: Sylhet Host BD