1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:19 am

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যাকাণ্ডে ডাকাত আলী গ্রেপ্তার

ত্রিপুরারী দেবনাথ তিপু
  • Updated Thursday, August 14, 2025
  • 233

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী ও বিএনপি নেতা মহসিন মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল আলী (৪৫) শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৮ মিনিটে দক্ষিণ বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাফি স-মিলের সামনে ডাকাতদল গাছ ফেলে রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ইলিয়াছ মিয়া ও তার চাচাতো ভাই মহসিন মিয়া মোটরসাইকেলে ঘটনাস্থলের দিকে রওনা দেন।
ঘন কুয়াশার মধ্যে পৌঁছামাত্রই ওৎপেতে থাকা ৮-১০ জন ডাকাত রামদা ও লৌহ পাইপ দিয়ে হামলা চালায়। তারা ইলিয়াছ মিয়ার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ভয়ে মহসিন মিয়া মোটরসাইকেল থেকে নেমে দৌড় দিলে এবং ইলিয়াছ মিয়াও পালানোর চেষ্টা করলে ডাকাতরা এলাকা ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন ও সেনা সদস্যরা এসে ইলিয়াছ মিয়ার কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন এবং মহসিন মিয়াকে খুঁজতে শুরু করেন। রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ পশ্চিমে মহাসড়কের দক্ষিণ পাশে একটি জমিতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালিয়ে ডাকাত আলীকে গ্রেপ্তার করে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD