
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুরে হযরত তাজ উদ্দিন কোরেশী (র.) উচ্চ বিদ্যালয়ে মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, বিদ্যালয়ের অফিস সহকারী সুমনা আক্তার গত ৭ আগস্ট চারজন শিক্ষক, একজন অভিভাবক প্রতিনিধি ও তিনজন সাবেক শিক্ষার্থীসহ মোট আটজনের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন এবং নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ সময় বক্তারা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, অভিযুক্ত সুমনা আক্তার ও সদ্য বিদায়ী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছেন—যার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, শিক্ষানুরাগী সাইদুল হক চৌধুরী, গোলাম রব্বানী, সোহেল আহমেদ, আরজু মিয়া, লুৎফুর রহমান, হেলাল আহমেদ, শাহনেওয়াজ, বাছিতুর রহমান রুহেল, ছালেক মিয়া, আবুল কাশেম, ফয়ছল আহমেদ, নাইম, রুমান, কিবরিয়া, ছালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Designed by: Sylhet Host BD