
চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার হাতে মামা ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় ভাগিনা বিকাশসহ আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ইয়াসিন ও আকরাম নামের দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলী ও তার লোকজন। এ সময় তার বোন নূর নাহার, স্বামী আবুল কাসেম এবং পুত্র বিকাশ জমিতে বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রামদা ও লাঠি নিয়ে হামলায় ছেরাগ আলী গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকে নিষ্পত্তি হলেও আদালত থেকে মামলা প্রত্যাহার না হওয়ায় পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষের সময় এ সংঘর্ষ ঘটে।
চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, “ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”
Designed by: Sylhet Host BD