
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার শাহজীবাজার সেনা ক্যাম্প ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জামিউল চৌধুরী ও সদস্য মো. মোনায়েম। তারা দুজনই উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ও দুইটি স্মার্টফোন জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদের আটক করা হয়। পরবর্তীতে সকাল ৫টা ৩০ মিনিটে এএসআই লালনের মাধ্যমে মাধবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া বলেন, “কেউ অপকর্ম করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। এসব ঘটনায় দলের কোনো দায় থাকবে না। সেনাবাহিনী ও পুলিশের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”
Designed by: Sylhet Host BD