
হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানপাট ও বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া মোড় এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মেসার্স রিফাত ট্রেডার্স দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে একই দিন বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ঘর ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, দুপুরের পর আগুন ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। অথচ বাহুবল সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।
বাহুবল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- হাসমত আলীর পুত্র নুরুল হক ও নুরুল ইসলাম, কনা মিয়ার পুত্র আছকির মিয়া ও মানিক মিয়া, সঞ্জব আলীর পুত্র রুমান মিয়া, মিন্নত আলীর পুত্র বাচ্চু মিয়াসহ আরও কয়েকজন।
Designed by: Sylhet Host BD