
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তবে জনগণ বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ তা ঠেকাতে পারবে না।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের সব পরিকল্পনা নিহিত আছে।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল আরও বলেন, “৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। ১৫ বছর হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব নিয়ে দলকে সংঘটিত করেছি। এখন বিএনপি একটি শক্তিশালী সংগঠন। দলের সংকটে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছি। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন করেছি, যা এখনো বিদ্যমান। পরবর্তী সময়ে অনেক মন্ত্রী-এমপি এলেও সেভাবে উন্নয়ন করতে পারেনি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল। এসময় আরও বক্তব্য রাখেন- সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা মোস্তাফা কামাল বাবুল, মাসুক মিয়া, হাজী ফিরোজ, যুবদল নেতা এনায়েত উল্লাহ, মশিউর রহমান, সেচ্ছাসেবক দল নেতা আলমগীর কবির এবং পৌর ছাত্রদল নেতা খায়রুল আরাফাত রাজ।
Designed by: Sylhet Host BD