
শহরের বুক চিরে বয়ে যাওয়া খোয়াই নদীর বেরিবাঁধে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ইট সলিং সড়ক থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইট চুরির অভিযোগ উঠেছে। স্লুইচগেট থেকে মাছুলিয়া পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কটি স্থানীয়দের চলাচলের অন্যতম ভরসা হলেও রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র ইট খুলে নিয়ে যাওয়ায় অবকাঠামোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ইট সলিং সড়কটি নদীর বেরিবাঁধ সংরক্ষণ ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে নির্মাণ করা হয়। বরিশালের এক ঠিকাদার এ কাজের দায়িত্ব পান। কিন্তু কাজ সম্পন্নের পর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে সড়কের ইট খুলে নিয়ে যেতে শুরু করে। এতে করে সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে এবং চলাচলে ঝুঁকি বাড়ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিরাতেই সংঘবদ্ধভাবে ইট খুলে নিয়ে যাওয়া হচ্ছে। সড়কের নির্জন অংশগুলোকে টার্গেট করে দ্রুত ইট তুলে সেগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ইট চুরির সময় হাতেনাতে ধরা পড়ে ইনাতাবাদ জঙ্গল বহুলা গ্রামের ফারুক মিয়ার পুত্র মুরাদ মিয়া এবং আব্দুল হোসেনের ছেলে সোহান। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার এসআই সোহেল মাহমুদ জানান, স্থানীয় লোকজন দুইজনকে আটক করে পুলিশে দেয়। অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খোয়াই নদীর বেরিবাঁধ রক্ষা এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply