আজমিরীগঞ্জ উপজেলায় ৪০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবাসহ রুবেল দাস (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার সঙ্গে থাকা অনিক ঠাকুর নামে অপর এক যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক রুবেল দাসকে উদ্ধার হওয়া ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করে।
গত রোববার (২৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুবেল দাস বদলপুর ইউনিয়নের বদলপুর দক্ষিণ হাটী গ্রামের মৃত রবীন্দ্র দাসের ছেলে। পালিয়ে যাওয়া অনিক ঠাকুর জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের অমিয় ঠাকুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর রুবেল দাস ও অনিক ঠাকুর জলসুখা ব্রিজ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। একপর্যায়ে অনিক ঠাকুর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল দাসকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply