হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে বুধবার (১ জুলাই) রাতে তিনি কয়েকজন পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের হাতে কলম, খাতা, টেবিল ল্যাম্প ও ফল তুলে দেন এবং পরীক্ষার প্রস্তুতির খোঁজখবর নেন। এসময় পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ইউএনও মো. রুহুল আমিন তাদের মনোযোগ সহকারে পড়াশোনা, নিয়মিত রিভিশন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, ভালো প্রস্তুতি ও আত্মবিশ্বাসই ভালো ফলাফলের অন্যতম চাবিকাঠি। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ থেকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় ইউএনওকে নিজ বাড়িতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাদের অনেকেই জানান, উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা নিজ উদ্যোগে বাড়িতে এসে পড়াশোনার খোঁজ নেবেন এবং উপহার দেবেন—এমনটি তারা কখনও কল্পনাও করেননি।
একজন পরীক্ষার্থী বলেন, “ইউএনও স্যারের এই অনুপ্রেরণা আমাদের সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। তাঁর উৎসাহ আমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করেছে। আমরা ভালো ফলাফল করার সর্বোচ্চ চেষ্টা করব।”
একজন অভিভাবক বলেন, “আমরা সাধারণ খেটে-খাওয়া মানুষ। আমার মেয়ের মতো একজন পরীক্ষার্থীর বাড়িতে উপজেলার ইউএনও নিজে এসে খোঁজ নেবেন, উপহার দেবেন এটা আমাদের কাছে অবিশ্বাস্য। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আল্লাহর কাছে দোয়া করি, আমার মেয়েও বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করবে।”
স্থানীয়দের মতে, ইউএনওর এ ব্যতিক্রমী উদ্যোগ শুধু কয়েকজন পরীক্ষার্থী নয়, উপজেলার সব শিক্ষার্থীর মধ্যেই ইতিবাচক প্রেরণা সৃষ্টি করেছে। তারা মনে করছেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর পাশাপাশি শিক্ষা বিষয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
ইউএনও মো. রুহুল আমিনের এ উদ্যোগ ইতোমধ্যে নবীগঞ্জজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল এটিকে শিক্ষার্থীদের পাশে প্রশাসনের মানবিক অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply