হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার-বাসুল্লা-রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর সেতু ভারী বালু ও মাটিবাহী ট্রাক-ট্রাক্টরের চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং সংযোগ সড়কের (এপ্রোচ) একাধিক স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু ও মাটিবাহী ভারী ট্রাক এবং ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা এ সেতুটি এখন হুমকির মুখে পড়েছে। বিশেষ করে সেতুর এপ্রোচ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, সেতুর পাশেই রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে বালুর স্তূপ ফেলে রাখায় যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার মানববন্ধন ও আন্দোলন করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং জনদুর্ভোগ বাড়ছে।
এলাকাবাসীর দাবি, সেতু রক্ষায় দ্রুত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সেতুর এপ্রোচ ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply