টানা দুই দিনের ভারী বৃষ্টিতে নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোড থেকে অভয়নগরে প্রবেশের আরসিসি ঢালাই সড়কে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে এলাকাবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নির্মিত পানি নিষ্কাশনের ড্রেনে অনিয়ম ও দুর্নীতির কারণে ড্রেনটি কার্যকরভাবে কাজ করছে না। ড্রেনের বিভিন্ন অংশ বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে যায়।
ভুক্তভোগীরা জানান, টানা দুই দিনের বৃষ্টিতে অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে পরিবারের সদস্যদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে এখন পর্যন্ত পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া কিংবা জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসী আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসমানী রোড–অভয়নগর সড়ক ও সংশ্লিষ্ট ড্রেনের সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
দ্রুত ড্রেন সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply