
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাঁজা সেবন ও বহনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা ১০০ গ্রাম গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের রামপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রামপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে মো. আসখ আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এ সময় আসামীর কাছ থেকে জব্দ করা ১০০ গ্রাম গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ফনিভূষণ রায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। নবীগঞ্জকে মাদকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply