1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:59 am

নবীগঞ্জ শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের বসার স্থান করে দিলেন ইউএনও

জাবেদ তালুকদার
  • Updated Tuesday, July 28, 2026
  • 143

নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের বসার কারণে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে তাদের জন্য একটি নির্ধারিত স্থানে নিয়মিত ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন।
বর্তমানে শহরের শেরপুর রোডস্থ করিম রেস্ট হাউজের সামনে লাইটেস স্ট্যান্ড সংলগ্ন স্থানে নতুন সবজি বাজার গড়ে তোলা হয়েছে। এখন থেকে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা ওই স্থানেই নিয়মিত দোকান বসাবেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা সবজির দোকান সরিয়ে নেওয়ায় আগের তুলনায় শহরের প্রধান সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। যানবাহন চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং পথচারীদের চলাচলেও স্বস্তি ফিরেছে। যদিও পুরোপুরি সমস্যা দূর হয়নি, তবে আগের তুলনায় শহরের পরিবেশ অনেক বেশি পরিপাটি ও সুশৃঙ্খল দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, নতুন স্থানে বসে ব্যবসা শুরু হয়েছে মাত্র একদিন। শুরুতে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও ধীরে ধীরে ক্রেতা বাড়বে বলে তারা আশাবাদী। নির্দিষ্ট একটি স্থানে ব্যবসার সুযোগ করে দেওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবজি বিক্রেতা রঞ্জিত দেবনাথ বলেন, “আগে রাস্তার পাশে বসে ব্যবসা করতে হতো। এতে নানা সমস্যায় পড়তে হতো। এখন আমাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করে দেওয়ায় নিশ্চিন্তে ব্যবসা করতে পারছি। আশা করি, ধীরে ধীরে ক্রেতাও বাড়বে।”
আরেক সবজি বিক্রেতা ময়না মিয়া বলেন, “নতুন জায়গায় ব্যবসা শুরু করেছি। প্রথম দিন হওয়ায় ক্রেতা কিছুটা কম, তবে সবাই যদি এখানে আসে তাহলে ব্যবসা ভালো হবে। আমাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আমরা কৃতজ্ঞ।”
গত ২৬ জুলাই (রবিবার) নতুন এ সবজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন। গতকাল ২৭ জুলাই (সোমবার) সন্ধ্যায় তিনি নতুন এ বাজারটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পজীপ কর্মকর্তা মো. সাকিল আহমেদ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে বাজারের জায়গা আরও সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে পৌরসভার স্ট্রিট লাইট চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় তিনি স্পষ্টভাবে জানান, নতুন নির্ধারিত স্থানের বাইরে কিংবা মূল বাজারের ভেতরে কোনো সবজি ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না। শহরের শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন নবীগঞ্জ শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনের লক্ষ্যে শহরের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং শহরের শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD