1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

বাহুবলের ইউএনও’র বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

Reporter
  • Updated Thursday, March 14, 2019
  • 568

ইউএনও ও প্রকৌশলীর দ্বন্দে সারাদেশে তোলপাড়

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন আহমেদ প্রধানের আদালতে মামলাটি দায়ের করা হয়। ইউএনও ছাড়াও মামলায় অফিস সহকারী হরিপদ দাসসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলাটি গ্রহণ করলেও আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, গত ৬ মার্চ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁধে মাটির কাজের ২ লাখ টাকার বিলের একটি চেকে সই করার জন্য ইউএনও মো. জসিম উদ্দিন তার অফিস সহকারী হরিপদ দাশকে উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরীর কাছে পাঠান। কাজটির প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করায় তিনি চেকে সই দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় অফিস সহকারী হরিপদ তাকে বলেন- ইউএনও নির্দেশ দিয়েছেন চেকটি সই করার জন্য। কিন্তু তাতেও প্রকৌশলী রাজি হননি। পরে অফিস সহকারী চেক সই না দেয়ার কথা ইউএনও জসিম উদ্দিনকে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে প্রকৌশলীর কক্ষে গিয়ে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তাকে গ্রেফতারের আদেশ দেন। পরে তাকে ইউএনওর কক্ষে নিয়ে আটক রাখা হয়। খবর পেয়ে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে মুচলেকা দিয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন ছাড়া পান। এ ঘটনায় প্রকৌশলী নিজের ও তার বিভাগের কমপক্ষে ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। উল্লেখ্য, প্রকৌশলীকে আটকের বিষয়টি বিভিন্ন স্থানে জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীরা। তারা ইউএনওর বিচার দাবিতে মানববন্ধন করেছেন। এদিকে বিষয়টি হাইকোর্টের নজরে এলে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। এতে উক্ত প্রকৌশলীকে আইন অমান্য করে হাতকড়া পরানো ও গ্রেফতার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৬ এপ্রিল ইউএনও জসিম উদ্দিনকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেন, একজন সরকারি কর্মকর্তা আরেকজন সরকারি কর্মকর্তার সঙ্গে এমন আচরণ করতে পারেন না। এটি যেমন আইনবিরোধী, তেমনি সরকারি চাকরি নীতিমালাবিরোধী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD