1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:13 pm

পরিবার পরিকল্পনা খাতে বেশি জোর দিয়েছে সরকার- পররাষ্ট্রমন্ত্রী

Reporter
  • Updated Sunday, May 26, 2019
  • 524

নিজস্ব প্রতিনিধি ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের উন্নয়ন মানে সবার উন্নয়ন। এজন্য সরকার পরিবার পরিকল্পনা খাতে বেশি জোর দিয়েছে। এ খাতে বরাদ্দও আগের চেয়ে বাড়ানো হয়েছে। মা-শিশু, কিশোর-কিশোরী, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়নবিষয়ক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এ কর্মশালা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়। পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করতে গণসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুস্থ-সবল সন্তান জন্মদানে নারীদের উদ্বুদ্ধ করতে হবে। নারীদের হাসপাতালে সন্তান জন্মদানের বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে হবে। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের বিদ্যমান সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি। ড. মোমেন বলেন, আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালে টেকসই উন্নয়নের সব লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। ২০৪১ সালের মধ্যে স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) কুতুব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) মতিউর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এনামুল হক এনা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ ও নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কা পালের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোজাম্মেল হক, হবিগঞ্জের উপপরিচালক ডা. নাসিমা খানম ইভা ও সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির। এদিকে এদিন সকালে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল চত্বরে কবির জন্মজয়ন্তী উপলক্ষে স্থাপিত তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী। কবি নজরুল অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি নজরুলের দেশপ্রেমের চেতনাকে লালন করে দেশের উন্নয়নে সবাইকে অংশীদার হাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নজরুল অনেক আগেই বলে গেছেন, বাঙালি যখন এক হয়ে যায়, তখন কোনো বাধাই তাদের দমিয়ে রাখতে পারে না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নজরুলের রচনা আরও পড়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD