
সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগান ডাক বাংলোতে হানা দিয়ে ম্যানেজারসহ ৩ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দেশীয় অস্ত্রধারী ‘হাফপ্যান্ট’ পরা ডাকাতদল। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাগান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। জানা যায়, উল্লেখিত সময়ে ওই বাগানের বড় বাংলোতে হানা দেয় ১০/১২ জনের একটি ডাকাত দল। ডাকাতরা বাংলোর মুল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ম্যানেজার মোফাজ্জল হোসেনের কলেজ পড়–য়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ও সোনা গহনা চায়। বাংলোতে টাকা পয়সা ও সোনা গহনা নেই বলে জানাতেই ডাকাতরা তার উপর হামলা চালায়। এ সময় পাশের রুম থেকে শোর-চিৎকার শুনে মেয়েকে বাঁচাতে ম্যানেজার ও তার স্ত্রী এগিয়ে আসলে ডাকাতরা তাদের সকলকেই কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে টেলিফোনে খবর পেয়ে মোফাজ্জল হোসেনের এক বন্ধু তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, লালচাঁন্দ চা-বাগান ডাক বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেন (৫৫), তার স্ত্রী আফরোজা বেগম লিপি (৪৮), কলেজ পড়–য়া মেয়ে মালিয়া হোসেন (১৮)। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে ডাক বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন- ‘ডাকাতরা প্রথমে আমার মেয়েকে জিম্মি করে আমাদের রুমের কাছে নিয়ে যায়। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দরজা খোলে দেখি ১০/১২ জন ডাকাত আমার মেয়ের পেছনে দাঁড়িয়ে আছে। তাদের সকলের হাতেই ‘দা’ ছিলো। তাদের পড়নে ছিল হাফ প্যান্ট ও গোল গলার টি শার্ট।’ তিনি বলেন- ‘বাংলোতে কোন ধরণে টাকা পয়না বা সোনা গহনা থাকে না। আর এগুলো দিতে পারিনি বলে ডাকাতরা আমাদের উপর হামলা চালায়। কিন্তু কৌশলে দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পাই।’ তিনি অভিযোগ করে বলেন, ‘প্রায়ই বিভিন্ন চা-বাগানের ডাক বাংলোতে অপ্রীতিকর ঘটনা ঘটে। এছাড়া চা-বাগান এলাকায় বিভিন্ন সময় পথচারীরা ডাকাতির বা ছিনতাইকারীর কবলে পরে থাকেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply