1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:04 pm

মিথ্যা ছড়ানোর অভিযোগে শাকিব খানের জিডি

Reporter
  • Updated Friday, October 21, 2022
  • 260

সময় ডেস্ক : ভার্চুয়াল জগতে চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার ও নানাভাবে তাকে হেয় করার অভিযোগ তুলে ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশান থানায় শাকিব খানের পক্ষে ওই জিডি করেন তার ম্যানেজার মো. মনিরুজ্জামান। জিডি নম্বর ১৩২৭।
ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ করে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়েছিলেন শাকিব খান। একই অভিযোগে এবার আইনি ব্যবস্থা নিলেন নায়ক শাকিব খান।
নায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। পরে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শাকিবকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে ব্যাঙ্গাত্মক আকারে প্রকাশ করা হয়। এমন অবস্থায় মানহানির অভিযোগ তুলে আইনের আশ্রয় নিলেন শাকিব। জিডিতে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
জিডিতে উল্লেখ আছে, ‘পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের কিছু ব্যক্তিগত স্থিরচিত্র, মিথ্যে তথ্য ও ভিডিওচিত্র এবং তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রিমহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।’
জিডিতে আরও বলা হয়, ‘ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওগুলোর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।’ জিডিতে অভিযুক্ত হিসেবে ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার দুপুরে গুলশান থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফরমান আলী বলেন, বৃহস্পতিবার রাতে শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান সাধারণ ডায়েরি করেছেন। সেখানে ১৩টি বিভিন্ন ইউটিউব ও ফেসবুক লিঙ্ক দেয়া হয়েছে, যেখান থেকে শাকিব খানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এই লিঙ্কগুলো সাইবারে ক্রাইম মনিটরিং সেলে আমরা পাঠিয়ে দিচ্ছি। সঠিক তদন্তের পর অভিযোগের সত্যতা মিললে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD