1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:48 am

এখনকার পরিচালকরা আমাকে কাজে নেয় না- আবুল হায়াত

Reporter
  • Updated Thursday, July 13, 2023
  • 200

সময় ডেস্ক : আবুল হায়াত। ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছেন। শুধু অভিনেতাই নন, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। সম্প্রতি টেলিভিশন নাটক, সিনেমাসহ বেশকিছু বিষয় নিয়ে কথা হয় তার সঙ্গে।
২০ বছর পূর্বের নাটক ও বর্তমানের নাটকের মধ্যে আপনি কী পার্থক্য খুঁজে পান?
এখন আমরা টেলিভিশন নাটক যেটা করি সেটা আমার কাছে নাটক মনে হয় না। আমরা ফিল্ম বানাই। টেলিভিশন নাটক বলতে আমরা যেটা বুঝতাম সে কাজটি আমরা এখন করি না। আমাদেরর স্ক্রিপ্ট, শট ও নাটকের প্রবাহ দেখলে সেটা বোঝা যায়। আমাদের উত্তরণটা ঘটেছে- আগে টেলিভিশন নাটক বানাতাম এখন আমরা ফিল্ম বানাই। প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন ঘটে। তার মনে এই না যে আমি রুচির বাইরে কিছু করবো।
তাহলে কি বলতে চাইছেন এই সময়ের নাটক নিয়ে যথেষ্ঠ হতাশ আপনি?
এখন কাজ করতে গিয়ে হতাশ হই। কারণ, একটা ক্যামেরাম্যান ঠিকমত কাজ করতে পারে না। ডিরেক্টর নামে মাত্র ডিরেক্টর। শুটিং সেটে গিয়ে তিনি কি শট নেবেন সেটা বুঝতে পারে না। কাজ জানি না তাতে দোষ নেই। কিন্তু শিখে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করতে হবে। নাটক নির্মাণ হচ্ছে। তবে ভালো নাটকের চেয়ে খারাপ নাটকের সংখ্যা অনেক বেশি। এই অবস্থা থেকে উত্তরণ দরকার।
অভিযোগ উঠেছে এখন সিনেমা/নাটকে অশ্লীল সংলাপে ভরপুর থাকে। এ বিষয়ে কি বলবেন?
দেখুন, আমরা যে সমাজে বাস করছি সে সমাজের মূল্যবোধ, রুচি, ঐতিহ্য ও সংস্কৃতি আছে। সেটা বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি তো আমরা চর্চা করতে পারি না। রাতারাতি আমরা ইউরোপ-আমেরিকা হতে পারিনা। আমরা তাদের টেকনোলজি নিচ্ছি- সেটা ঠিক আছে, কিন্তু তাদের সংস্কৃতিটা আমরা কেন নেব? সেটার তো প্রয়োজন নেই! আমি ৫০-৬০টি সিরিয়াল ও ১৫০টির মত নাটক বানিয়েছি। আমাকে তো কেউ বলতে পারেনি যে আমি রুচির বাইরে কাজ করেছি। আমি আমার মূল্যবোধ নিয়ে আছি। আপনারা কেন থাকতে পারবেন না। আমরা সবাই যদি ভালো কাজ করি তাহলে তো কেউ রুচিহীন কাজ দেখতে যাবে না।
নাটক নির্মাণে তো এখন বাজেটেরও সমস্যা রয়েছে…
মিডিয়ার প্রধান সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। এছাড়া এখনো আমরা (প্রতি নাটকে) আড়াই/তিন লাখের মধ্যেই আছি। সেখানে ২৪ ঘণ্টা নির্ধারিত। এর মধ্যে আমাদের ৪৫-৬০ মিনিটের একটি নাটক করতে হয়। আমি অসুস্থ হই বা মরে যাই তাদের কিছু যায় আসে না। অনেকেভাবে আমাদের হাত-পা বাঁধা। সেখান থেকে আমাদের বের হতে হবে। নতুন ছেলে-মেয়েদের যদি সেই সুযোগ দেওয়া যায় তাহলে তাদের থেকে আমরা আরও ভালো কাজ পাবো।
অভিনয়ে আপনি নিয়মত নন কেন, অভিনয় ছাড়া আপনার সময় কীভাবে কাটে?
এখনকার পরিচালকরা আমাকে কাজে নেয় না। তারা আমাকে নেয় না বলেই অভিনয়ে দেখা যায় না। তার পরেও টুকটাক কাজ করি। আর অবসর সময় আমার কাজের কোনো শেষ নেই। বই পড়ি, যা মনে আসে সেটা লিখি। এছাড়া বাড়ির বাগানে কাজ করেই সময় কেটে যায়।
নতুন অভিনেতাদের জন্য আপনার পরামর্শ কী?
নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি- নতুন যারা এসেছে তারা আমাদের চেয়ে অনেক মেধাবী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। করণ, আমরা একাডেমিক শিক্ষা নিয়ে আসিনি। এখন যারা আসছে তারা অভিনয়ের উপর পড়ালেখা করে আসছে। সুতরাং তাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। তাই ভালো কাজ করে নিজেকে প্রমাণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD