1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

ব্রাজিল ঘুরে দাঁড়াবে :: কথা নতুন কোচ দিলেন ডোরিভাল

Reporter
  • Updated Saturday, January 13, 2024
  • 158

সময় ডেস্ক : ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হয়েছেন ডোরিভাল জুনিয়র। এর আগে সাও পাওলোর দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রিও ডি জেনিরোতে তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে ডোরিভাল জানিয়েছেন, ব্রাজিল গ্রহের সর্বাধিক সাফল্য পাওয়া দল। তবে সম্প্রতি সময়টা যেমন যাওয়ার কথা, তেমনটা যাচ্ছে না। আবার দ্রুত ঘুরে দাঁড়ানো অসম্ভবও নয়। তার মতে, দলটাকে নির্ভার করতে পারলেই সাফল্য আসবে। তিনি সেটা পারবেন এই কথাও দিয়েছেন।
ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘আমি গ্রহের সবচেয়ে বেশি সাফল্য পাওয়া দলের প্রতিনিধিত্ব করতে এসেছি। যে দল বিশ্বের অনেককে অনুপ্রাণিত করেছে। দলটি অবশ্যই ওই সাফল্যেই ধারায় ফিরবে। আমাদের সময়টা খারাপ যাচ্ছে ঠিক। কিন্তু দ্রুত ঘুরে দাঁড়ানো অসম্ভব এমন পর্যায়ে যায়নি।’
২০০২ সালে ব্রাজিল পঞ্চম বিশ্বকাপ জিতেছে। পরের প্রতিটি আসরে হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্ব মঞ্চে পা দিয়ে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। কার্লোস দুঙ্গা, লুইস ফেলিপে স্কলারি, তিতে, ফার্নান্দো দিনিজরা দায়িত্ব নিয়ে সাফল্য এনে দিতে পারেননি। তাদের দল নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। ডোরিভাল জানিয়েছেন, এই দলটা তার নয়, ব্রাজিলের। সুতরাং এখানে পক্ষপাতিত্বের সুযোগ নেই।
তিনি বলেন, ‘এখানে কারো দোষ নেই, কারো হস্তক্ষেপ নেই। এখন আমাদের দরকার, সমস্যার সমাধান বের করা। আমাদের একটি নির্ভার জাতীয় দল দাঁড় করাতে হবে। ব্রাজিল খুব শক্তিশালী দল, যা নিজে নিজেই রূপান্তরিত হয়েছে। তবে এখন যেভাবে যাচ্ছে, এভাবে চলতে পারে না। চলুন, এটাকে শিক্ষা হিসেবে নিয়ে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজি।’
ব্রাজিলের নতুন কোচ জানিয়েছেন, নেইমার যতদিন ফিট থাকবেন জাতীয় দলে বিবেচিত হবেন। তবে নেইমারহীন জীবনের সঙ্গে দ্রুত মানিয়েও নিতে হবে, ‘নেইমার ছাড়া আমাদের খেলতে শিখতে হবে। কারণ সে এখন ইনজুরিতে আছে। নেইমার বিশ্বের সেরা তিন ফুটবলারের একজন, সে ফিট হলে অবশ্যই তাকে দলে বিবেচনা করা হবে।’
ব্রাজিলের ডাগ আউটে দ্রুতই বড় দুটি পরীক্ষা দিতে হবে ডোরিভাল জুনিয়রের। আগামী ২৩ মার্চ ইংল্যান্ড ও ২৬ মার্চ স্পেনের বিপক্ষে ম্যাচ খেলবে তার ব্রাজিল। যেটা তার জন্য জাত চেনানোর সেরা সুযোগ। ওই দুই প্রীতি ম্যাচের আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ডোরিভালের বাকি কোচিং স্টাফ চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD