
রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলায় লালমিয়া বাজার থেকে বিরাট গ্রামের সংযোগ সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলতে হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষকে।
এই সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এটি দিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে স্থানীয় জনগণ। অথচ বছরের পর বছর এই সড়কটি সংস্কার না হওয়ায় এখন তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যাত্রীবাহী সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, পিকআপ ও অ্যাম্বুলেন্সসহ নানা ধরনের যানবাহন চলাচল করে এই সড়কে। কিন্তু রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙাচোরা জায়গা ও কর্দমাক্ত অংশ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেক সময় নতুন গাড়িও বিকল হয়ে পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত শুরু হলে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমিয়া বাজার থেকে বিরাট পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে চরম ভাঙন দেখা দিয়েছে। মানুষকে দ্বিগুণ ভাড়া দিয়ে গাড়ি নিতে হচ্ছে। বিশেষ করে রোগী ও পরীক্ষার্থীরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে।
এক এসএসসি পরীক্ষার্থী বলেন, “আমাদের পরীক্ষার কেন্দ্র এ.বি.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে যেতে হলে এই সড়ক দিয়েই যেতে হয়। সময়মতো গাড়ি পাওয়া যায় না। আবার পেলেও অতিরিক্ত ভাড়া দিতে হয়। দুর্ঘটনা ও অসুস্থতার ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়। প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত যেনো রাস্তাটি সংস্কার করা হয়।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যাতে করে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply