
স্টাফ রিপোর্টার : মাধবপুরে ঢাকাগামী একটি ট্রাক ও আসবাবপত্র বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার ছেলে পিকআপ হেলপার রহিম মিয়া (২২)।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার একটি ইটভাটায় কাজ করতেন হবিগঞ্জ জেলার মোস্তাকিমা, তার ভাই হাফিজুর, আয়েশা আক্তারসহ আরও কয়েকজন শ্রমিক। বৃহস্পতিবার রাতের কর্মসমাপ্তির পর তারা পিকআপ ভ্যানে করে আসবাবপত্রসহ প্রায় ১৭ জনের পরিবারের সবাইকে নিয়ে নিজ বাড়ি হবিগঞ্জে ফিরছিলেন। রাত ৩টার দিকে মাধবপুরের বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারীসহ চারজন মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। মরদেহ নিতে ভিড় করছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, “পিকআপটিতে বাসা-বাড়ির মালামালসহ প্রায় ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply