
জুয়েল চৌধুরী : সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে অভিযান চালিয়ে ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে শ্রীমঙ্গল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক রাতে ৩টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
রাত ৯টার দিকে টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
রাত ১০টায় টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলীর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দোলনা চা বাগানে অভিযান চালানো হয়। সন্দেহভাজন কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। তল্লাশিতে ওই স্থান থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
রাত ১১টার দিকে টহল কমান্ডার নায়েক মোঃ শামিম আহম্মেদের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকায় অভিযান চালানো হয়। চোরাকারবারীরা টের পেয়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
উদ্ধারকৃত মদ এবং অন্যান্য জব্দকৃত মালামালের বিষয়ে শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য শুধু সীমান্ত সুরক্ষা নয়, সমাজকে মাদকমুক্ত রাখাও একটি বড় দায়িত্ব। আমরা চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”
Designed by: Sylhet Host BD
Leave a Reply