1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:12 am

শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথের অস্তিত্ব বিলীন :: জমি দখল

Reporter
  • Updated Thursday, May 15, 2025
  • 242

স্টাফ রিপোর্টার : ১৯২৯ সালে নির্মিত শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ এক সময় ছিল হবিগঞ্জ জেলার অর্থনীতির প্রাণ। দীর্ঘ সময় ধরে এই রেলপথে চলত ট্রেন, যা এলাকাবাসীর যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। তবে সময়ের সাথে সাথে এ রেলপথের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে ঐতিহ্য। রেলপথের খোঁজ এখন শুধুই স্মৃতি। রেললাইন, স্লিপার ও যন্ত্রাংশগুলো লুট হয়ে বিক্রি হয়ে গেছে এবং রেলপথের জমিও দখল হয়ে গেছে।
এ রেলপথটি চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল, যার দৈর্ঘ্য প্রায় ৩০ থেকে ৩৬ কিলোমিটার। রেলপথে ছিল সাতটি স্টেশন—বড়কোটা, শাকির মোহাম্মদ, সুতাং বাজার, চুনারুঘাট, আমু রোড, আসামপাড়া এবং বাল্লা। এক সময় এখান দিয়ে চলত ট্রেন, প্রতিদিন শোনা যেত ট্রেনের হুইসেল। তবে বর্তমানে এই রেলপথটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রেললাইনের কোথাও কোনো স্লিপার নেই, রেলপথের কোনো চিহ্নই চোখে পড়ে না। বেশ কিছু জায়গায় সড়ক নির্মাণ করা হয়েছে এবং সেই সড়কেও কোনো অনুমতি নেই রেলওয়ের।
রেলপথের অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা জানান, গত কয়েক বছর ধরে রেলের জমি এবং সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে এবং এর কোনও তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, ২০০১ সালে রেল চলাচল বন্ধ হওয়ার পর থেকে রেলের সরঞ্জাম লুটপাট শুরু হয়। সাতটি স্টেশনসহ কোটি কোটি টাকার মালপত্র লুট হয়ে গেছে, যার কোনও হিসাব আজ পর্যন্ত নেওয়া হয়নি।
চুনারুঘাট উপজেলার ফারুক মিয়া বলেন, “ছোটবেলায় আমি রেলপথে ট্রেন চলতে দেখেছি, কিন্তু এখন সেই রেলপথের কোনো চিহ্নও নেই। রেলের জমি দখল করে লোকজন বসতবাড়ি বানিয়েছে, দোকানপাট গড়ে তুলেছে।” তিনি আরও বলেন, “এই রেলপথ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু এখন তা ধ্বংসের পথে।”
এলজিইডি কর্তৃপক্ষ কিছু এলাকাতে রাস্তা নির্মাণ করেছে, তবে তারা রেলের অনুমতি ছাড়াই এসব কাজ করেছে। রাস্তা নির্মাণের ক্ষেত্রে রেলের জমি ব্যবহারের অনুমতি নেয়া হয়নি, যা আইনগতভাবে যথাযথ নয়। এমনকি অনেক স্থানে রেলের জায়গায় অবৈধ বসতবাড়ি ও দোকানপাট গড়ে উঠেছে, আর রেলের স্টেশনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু স্টেশন ঘর ধসে পড়েছে, আর কিছু স্টেশন সম্পূর্ণরূপে হারিয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী মো. আবুল কালাম জানান, “রেলের জমিতে দোকানপাট গড়ে উঠেছে, রাস্তা নির্মাণ হয়েছে, কিন্তু রেলওয়ের কোনো অনুমতি নেই।” তিনি আরও বলেন, “এই রেলপথের পুনঃচালনা খুবই জরুরি। যদি রেলপথ চালু করা হয়, তাহলে এখানকার অর্থনীতি নতুনভাবে চাঙা হবে।”
চেগানগর গ্রামের ৮০ বছর বয়সী আব্দুল্লাহ জানান, “স্বাধীনতার পর রেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে উদাসীনতা ছিল, যার কারণে রেলপথ লোকসানে পড়তে শুরু করে। এরপর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।” তবে ১৯৯১ সালে জনগণের আন্দোলনের পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছিল, কিন্তু ১৯৯৬ সালে রেল বিভাগের সিদ্ধান্তে ট্রেন চলাচল আবারও বন্ধ হয়ে যায়। ২০০০ সালে, বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন চলাচল শুরু হলেও সেটিও কিছুদিন পর বন্ধ হয়ে যায়। তারপর থেকে ট্রেন চালানোর উদ্যোগ আর নেওয়া হয়নি।
এলাকাবাসী ও রাজনৈতিক নেতারা এই রেলপথের পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন। তারা মনে করেন, এটি শুধু অবহেলা নয়, বরং সচেতনভাবে জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে। মীর সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “রেলপথ শুধু যাতায়াত নয়, এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ একটি অংশ। বাল্লা রেলপথ পুনরুদ্ধার এবং লুট হওয়া সম্পদের হিসাব গ্রহণ করা উচিত।”
এদিকে, শায়েস্তাগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার লিটন জানান, “বাল্লা রেলপথ পুনরায় চালু করা হবে কিনা, তা রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। রেলের মালপত্রের বিষয়টি পিডব্লিউআই দেখবে।” তবে, রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী ফিরুজ আহমেদ জানান, “বাল্লা একটি পরিত্যক্ত লাইন, তবে রানিং লাইন নিয়ে কাজ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে রেলের জমি দখল ও চুরি রোধের ব্যাপারে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইমাম হোসেন বলেন, “এলজিইডি রাস্তা নির্মাণ করছে, তবে জনগণের উপকারের জন্য এসব কাজ করা হচ্ছে।”
উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার আবুল কালাম জানান, “বাল্লা রেলপথ পরিত্যক্ত হওয়ার পর ৮ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে, তবে এর কোনো নথি নেই।”
রেলপথের ভবিষ্যত নিয়ে আশাবাদী এলাকাবাসী এখন সরকারের কাছে দাবি জানাচ্ছেন, যেন এই রেলপথ পুনরুদ্ধার হয় এবং এর সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD